​আলহামদুলিল্লাহ! আদ-দ্বীন স্কলারস একাডেমিতে জমে উঠলো মৌসুমি ফল উৎসব

০২ জুলাই ২০২৬

প্রকৃতির নিয়ামতকে চেনা, দেশি-বিদেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর আদ-দ্বীন স্কলারস একাডেমিতে উদযাপিত হয়েছে বর্ণিল ‘মৌসুমি ফল উৎসব’।

আজ ০২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একাডেমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। হরেক রকমের ফলের সমাহারে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ।

ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদ-দ্বীন স্কলারস একাডেমির সম্মানিত প্রিন্সিপাল মাওলানা সাইফুল কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর মুহাম্মাদ মহিউদ্দিন, ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ মুনির খন্দকার এবং শিক্ষক কো-অর্ডিনেটর হাফেজ ইব্রাহীম খলীল।

এছাড়াও ক্বারি তরিকুল ইসলাম, কাজি ওমর ফারুক, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন, শাখাওয়াত হোসেন সোহাগ সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

 

এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল আম, কাঁঠাল, জাম, তরমুজ, আনারসের মতো হরেক রকমের দেশি ফলের পাশাপাশি আপেল, কমলা ও আঙুরের মতো রকমারি বিদেশি ফলের চোখধাঁধানো প্রদর্শনী।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাবারের আসক্তি কমিয়ে প্রাকৃতিক ও পুষ্টিকর ফলের প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন। উৎসবের বিশেষ অংশ হিসেবে উপস্থিত সবাইকে তাজা ফল দিয়ে আপ্যায়ন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য একাডেমির পক্ষ থেকে বাসায় ফল পাঠানোর বিশেষ ব্যবস্থা করা হয়, যা পুরো আয়োজনকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে।

‘জ্ঞানে, আমলে, আদর্শে’—এই মূলমন্ত্রকে ধারণ করে পথ চলা আদ-দ্বীন স্কলারস একাডেমির এমন ব্যতিক্রমী ও শিক্ষণীয় উদ্যোগ উপস্থিত অভিভাবক মহলে বেশ প্রশংসিত হয়েছে।

 

 

Ad-Deen Scholars Academy  
In Knowledge, In Practice, In Character.

 

প্রতিবেদক | Wolid Fojlay Rabbi Raj


#AdDinScholars #FruitFestival2026 #HealthyKids